গাজীপুরে একটি পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ঐ কাখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন সাইনবোর্ড এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে ঐ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সাইনবোর্ড এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামের কারখানাটি শ্রীপুরে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকেরা কারখানার সামনে টাঙানো নোটিশ দেখে বিষয়টি জানতে পারেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কাখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ঐ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঐ পুলিশ কর্মকর্তা আরো বলেন, ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। কারখানাটি শ্রীপুরে স্থানান্তর করা হয়েছে। তবে যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে কাজে যোগ দিতে পারবেন। আর অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।