প্রণব মুখার্জির অবস্থার অবনতি, আছেন ভেন্টিলেশনে

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। চিকিত্সায় সাড়া দিচ্ছেন না। তিনি ভেন্টিলেশনে রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের পক্ষে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। এর আগে গতকাল সকালে প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আগামী তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখতে হবে।

সন্ধ্যায় হাসপাতাল সূত্রে নতুন মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আপত্কালীন পরিস্থিতিতে গত সোমবার তার মস্তিষ্কে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর থেকে তাকে টানা ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

রবিবার মধ্যরাতে দিল্লির বাসভবনের বাথরুমে পড়ে যান প্রণব মুখার্জি। কপালে চোট লাগে। সোমবার সকালে অস্বস্তি হতে থাকে। ডান হাত নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। জরুরি ভিত্তিতে চিকিত্সক আসেন। পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেই মতো প্রণব মুখার্জিকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর দেখা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে গেছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই পরীক্ষা করে জানা যায় তিনি করোনায়ও আক্রান্ত। প্রণব মুখার্জির ডায়াবেটিসের সমস্যা রয়েছে। ছয় বছর আগে হার্টের সমস্যা দেখা দেয়। তখন থেকে নিয়মিত চিকিত্সকদের পর্যবেক্ষণে ছিলেন। তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করে জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। তার চিকিত্সায় সিমরন কাশ্যপের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

প্রণব মুখার্জি করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত এক সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছিলেন, সকলেরই পরীক্ষা করানো হয়েছে। জানা গেছে, ভারতে করোনা সংক্রমণ শুরুর পর থেকে চিকিত্সার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাননি তিনি। বাইরে থেকে আসা লোকজনের সঙ্গে দেখাও করতেন কম। একান্ত যাদের সঙ্গে দেখা করতেন তাদের দূরে চেয়ারে বসানো হতো। সেক্ষেত্রে কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গত সোমবার রাতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হাসপাতালে প্রণব মুখার্জিকে দেখতে যান। দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত। এছাড়াও তিনি ভারতের অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বোর্ডেও দায়িত্ব পালন করেন।