সহকর্মীকে থাপ্পড় মারায় বামনা থানার ওসি প্রত্যাহার

কর্তব্যরত অবস্থায় এএসআই নজরুল ইসলামকে থাপ্পড় দেওয়ার অভিযোগে বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন গতকাল বিষয়টি নিশ্চিত করেন। ওসি ইলিয়াস তালুকদারকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। রবিবার এএসআই নজরুল ইসলামকে বামনা থেকে পদায়ন দিয়ে বরগুনায় ডিএসবিতে নিয়োগ দেওয়া হয়।

শনিবার মেজর (অব.) সিনহার সঙ্গী সিফাতের মুক্তির দাবিতে বামনা শহরের গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় স্থানীয় নাগরিকদের ব্যানারে। ওসি নিজে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে মানববন্ধন পণ্ড করে দেন। এ সময় কেন মানববন্ধন করার সুযোগ দেওয়া হলো—একথা বলে সমাবেশস্থলে          দায়িত্বপালনরত এএসআই নজরুলকে গালি ও থাপ্পড় দেন। ওসির থাপ্পড়ের ঘটনা সামাজিক  যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে এলে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান এবং সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল মো. রবিউল হাসান ও ওসি (অপরাধ) বরগুনা মো. সোহেল আহম্মেদকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিন তদন্ত শেষে গতকাল মঙ্গলবার পুলিশ প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন প্রাপ্তির পর বিকাল ৪টায় ওসি মো. ইলিয়াস তালুকদারকে প্রত্যাহার করা হয়।