দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষিত, আটক ৪

দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যান আশুরার বিলে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষকসহ বখাটে চার যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণ ও মারধরের ঘটনায় ধর্ষিতার সহপাঠী রিয়াজুল ইসলাম নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, গত সোমবার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিয়াজুল ইসলাম (২০) তার এক সহপাঠী বান্ধবীকে নিয়ে নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান আশুরার বিলে বেড়াতে যায়। তাদের আশুরার বিলের পাশে একা দেখতে পেয়ে দুপুরে নবাবগঞ্জ উপজেলার শওগুন খোলা গ্রামের শরিয়তের পুত্র শাহিনুর আলম (৩০) ও ইসমাইলের পুত্র আজিম (৩১), ফতেপুর মাড়াষ গ্রামের মতিনের পুত্র সাজেদুল (২১) এবং আবু তাহেরের পুত্র সাহারুলসহ (২০) কয়েক যুবক সহপাঠী রিয়াজুল ইসলামকে মারধর ও বেঁধে রেখে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বখাটে শাহিনুর আলম কলেজছাত্রীকে শালবনের ভেতরে নিয়ে ধর্ষণ করে। সহপাঠী বন্ধুকে আটকে রাখা অন্য যুবকরা কলেজছাত্রীর মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। রিয়াজুল বিকাশে টাকা আনার কথা বলে পালিয়ে পথিমধ্যে এক ব্যক্তির মোবাইল ফোন নিয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনা জানায়। তাত্ক্ষণিক নবাবগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্থানীয় বনরক্ষা কমিটির সহায়তায় ধর্ষক শাহিনুরসহ চার জনকে আটক করে।

ওসি আরো জানান, এ ঘটনায় থানায় অপহরণপূর্বক ধর্ষণ ও চাঁদা দাবির মামলা হয়েছে। ধর্ষক শাহিনুর ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।