সত্যিকারের রাজনৈতিক নেতাকর্মীরা লোভের বশবর্তী হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হয় না। কোনো মহান লক্ষ্য-উদ্দেশ্য, আদর্শ, চেতনা ও মূল্যবোধকে সামনে রেখে রাজনীতিতে আসে। গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘স্বেচ্ছাশ্রম বাংলাদেশ :বঙ্গবন্ধুর চিন্তা-ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনা সভায় যুক্ত হয়ে বলেন, রাজনীতি মহান ব্রত, এটা কোনো পেশা নয়। সাধারণ জনগণ নিষ্ক্রিয় থাকলেও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় থাকতে হয়। রাজনৈতিক নেতাকর্মীরা হলো জনগণের স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরী। আর রাজনীতির শেষ কথা হলো জনকল্যাণ।
ওবায়দুল কাদের বলেন, যারা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তারা জনকল্যাণের মূলমন্ত্র থেকে সরে গিয়ে লুটপাটের সংস্কৃতির বিস্তার ঘটায়। রাজনীতিকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামে রাজনীতির পটভূমি ও প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই কোনো অন্যায় দেখলে কোনো চিন্তা না করে তার প্রতিবাদ করা ছিল তার সহজাত প্রবৃত্তি। প্রতিবাদের সহজাত এই প্রবৃত্তি থেকে তার রাজনীতিতে অংশগ্রহণ শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্রণোদিত হয়ে রাজনীতিতে এসেছেন। তিনি ছিলেন মানুষের ভালোবাসার প্রার্থী। তিনি ছিলেন একজন সমাজকর্মী। একজন দেশকর্মী। বাঙালি জাতিকে ভালোবেসে তিনি হাসিমুখে ফাঁসিকাষ্ঠে যেতেও দ্বিধা করেননি। এই মহান নেতার জীবনী পর্যালোচনা করলে একজন দক্ষ ও সফল রাজনীতিবিদ হতে হলে কতটা পরিশ্রম, আত্মত্যাগ, কর্তব্যপরায়ণ হতে হয় তা অনুধাবনের জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
করোনা ও বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, আব্দুল আলিম প্রমুখ।