বলিউডে ফের দুঃসংবাদ! করোনা ভাইরাস নয়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত নায়ক সঞ্জয় দত্ত। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাগ্রেসিভ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউড সুপারস্টার।
শনিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বুকে অস্বস্তি নিয়ে সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হন। তিনি কোভিড সংক্রমিত কি না, তা নিশ্চিত হতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর অভিনেতার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই রিপোর্টও নেগেটিভ আসে।
কিন্তু কী থেকে অভিনেতার বুকে অস্বস্তি হচ্ছে, সেই বিষয়ে নিশ্চিত হতে শনিবার রাতেই আরো কিছু পরীক্ষা করা হয়। সেই রিপোর্টেই জানা গেছে, সঞ্জয় দত্ত স্টেজ থ্রি ফুসফুস ক্যানসারে আক্রান্ত। সেই কারণেই শ্বাসকষ্টে ভুগছেন। তিনি দ্রুত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
আরো পড়ুন : নিরুপায় বিষাদের গল্প অণিমেষ আইচের ‘টু-লেট’
মঙ্গলবার রাতে টুইটে সঞ্জয় দত্ত জানান, ‘চিকিৎসার জন্য চলচ্চিত্র থেকে সাময়িক বিরতি নিচ্ছি। পরিবার, বন্ধুরা সঙ্গে আছেন। শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি চিন্তার কিছু নেই। সবার ভালোবাসা ও শুভকামনায় দ্রুত কাজে ফিরবো।’
সঞ্জয়ের স্ত্রী মান্যতা দুই সন্তানকে নিয়ে দুবাইতে রয়েছেন। মার্চ মাসে গিয়ে লকডাউনে আটকে পড়েন তারা। সেখান থেকে সঞ্জয় দত্তের খোঁজ খবর নিচ্ছে তারা।
ইত্তেফাক/এসি