প্রিয়াঙ্কা চোপড়া আরবি সিনেমায় অভিনয় করতে চান। সম্প্রতি আফ্রিকা নিউজে দেওয়া সাক্ষাত্কারে আরবি সিনেমায় নিজের অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন সাবেক বিশ্বসুন্দরী এই বলিউড হলিউড অভিনেত্রী ও প্রযোজক। তিনি বলেন, হয়তো আমি ভাষাটা বলতে পারি না, কিন্তু পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সিনেমায় অভিনয় করতে চাই। এর মাধ্যমে আমি নতুন আরেকটি ভাষা শেখার সুযোগ পাব।
২০ বছর আগে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। সুদীর্ঘ অভিনয় জীবনে বহু সিনেমায় অভিনয় করেছেন। তাকে পছন্দ করেছে অগণিত দর্শক, তার অভিনীত ব্লাকবাস্টার হিট সুপারহিট সিনেমার তালিকাও বেশ দীর্ঘ। বহু সিনেমায় দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। সেরা অভিনেত্রী হিসেবেও পুরস্কার পেয়েছেন অনেকগুলো। জনপ্রিয় বলিউড তারকা অভিনেত্রী হিসেবে তার খ্যাতি, পরিচিতি ও জনপ্রিয়তা এবং প্রভাব প্রতিপত্তি দিনে দিনে বিস্তৃত হয়েছে। ভারতের সীমানা অতিক্রম করে তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
অভিনেত্রী ও গায়িকা হিসেবে প্রিয়াঙ্কা হলিউডেও নিজের কর্মক্ষেত্রকে প্রসারিত করেছেন বহু আগেই। হলিউডি সিনেমা, টিভি সিরিজ ও মিউজিক ভিডিওতে দারুণ উজ্জ্বলতা নিয়ে উপস্থিত হয়েছেন বেশ অনেকবার। একজন ভারতীয় অভিনয় তারকা হিসেবে হলিউডে নিজের যোগ্যতা প্রমাণ করে ইতিমধ্যে সবার মনে আলোড়ন তুলেছেন। হলিউড অভিনেতা ও সঙ্গীত তারকা নিক জোনাসকে বিয়ে করার মধ্য দিয়ে সেখানেও একটি ঠিকানা গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা। গত কয়েক বছর ধরে বলিউডে তার ব্যস্ততা চোখে না পড়লেও হলিউডকেন্দ্রিক কাজকর্ম নিয়ে মেতেছিলেন। হলিউডি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সেখানে কম বাজেটের সিনেমা প্রযোজনার বেশ কিছু পরিকল্পনা মাথায় নিয়ে ঘুরছেন তিনি। বেশ কয়েক বছর হিন্দি সিনেমায় অনুপস্থিত থাকার পর গত বছর প্রিয়াঙ্কা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির মাধ্যমে দর্শকের সামনে ফিরেন। সেই ছবিতে এক কিশোরীর মায়ের ভূমিকায় তাকে দেখা গেছে। আগের মতো লাস্যময়ী সুন্দরী ও রোমান্টিক তরুণী হিসেবে নয়, নিজের বর্তমান বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রিয়াঙ্কা প্রমাণ করেছেন নায়িকা নয়—একজন অভিনেত্রী হিসেবেই এখন রূপালি পর্দায় আসতে চাইছেন তিনি। বলিউডে অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকতেই ২০১৫ সালে প্রিয়াঙ্কা চোপড়া তার নিজস্ব প্রযোজনা সংস্থা পার্পল পিবল পিকচার্স প্রতিষ্ঠা করেন।
এরইমধ্যে গতানুগতিক বাণিজ্যিক চিন্তা-ভাবনার বাইরে গিয়ে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় নির্মিত অনেকগুলো সিনেমা প্রযোজনা করেছেন। যেখানে অভিনয় করেছেন সেসব আঞ্চলিক সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা। স্থানীয় কলাকুশলী ও পরিচালকদের দিয়ে ছবিগুলো নির্মাণ করেছেন প্রযোজক প্রিয়াঙ্কা। সৃজনশীল চিন্তা-ভাবনার প্রকাশ হিসেবে শিল্পবোধ, সামাজিক অঙ্গীকার এবং সর্বোপরি ভিন্নতার নিদর্শন নিয়ে প্রতিটি সিনেমা বিভিন্ন চলচ্চিত্র উত্সবে বোদ্ধা দর্শক, সমালোচকের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত প্রতিটি আঞ্চলিক সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার লাভ করেছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ তারই নিজস্ব প্রযোজনা সংসস্থা পার্পল পিবল পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে। আগামীতে দুটি বাংলা সিনেমা ‘বৃষ্টির অপেক্ষায়’ ও ‘বাস স্টপে কেউ নেই’ নির্মিত হচ্ছে প্রিয়াঙ্কার প্রযোজনায়। রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্নপূর্ণার প্রেম কাহিনি নিয়ে মারাঠি-বাংলা দুই ভাষায় নির্মিতব্য ‘নলিনী’ ছবিটিও প্রযোজনা করেছেন তিনি। অভিনয়ে আগের মতো ব্যস্ততা না থাকায় আজকাল সিনেমা, ওয়েব সিরিজ, ওয়েব শো নির্মাণে অর্থাত্ প্রযোজনায় বেশি সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা।
এ বছরের প্রথমদিকে হলিউডের সাড়া জাগানো সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ‘ম্যাট্রিক্স’ ফ্রাঞ্চাইজির সঙ্গী হয়েছেন তিনি। তিনি ‘ম্যাট্রিক্স ফোর’-এ অভিনয় করছেন। গত ফেব্রুয়ারিতে জার্মানি ও আমেরিকার বিভিন্ন জায়গায় এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। অবশ্য বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর ‘ম্যাট্রিক্স ফোর’ ছবির কাজ থেমে আছে বর্তমানে। টিভি সিরিজ ‘কোয়ান্টিনা’, হলিউডি সিনেমা ‘বেওয়াচ’-এ অভিনয়ের পর এবার ‘ম্যাট্রিক্স ফোর’-এর মতো বড় প্রজেক্টের সঙ্গে তার যুক্ত হওয়াটা ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে। সমসাময়িক যে কোনো বলিউড শীর্ষ অভিনেত্রীর তুলনায় হলিউডে নিজেকে ভালোভাবে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়া অনেকটাই এগিয়ে রয়েছেন—একথা নির্দ্বিধায় বলা যায়। বলা যায়, দেশি গার্ল প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত। আগামী দিনে একজন আন্তর্জাতিক চিত্রতারকা, চলচ্চিত্র প্রযোজক হিসেবে তার খ্যাতি ও পরিচিতি আরো বিস্তৃত হবে—এমনটিই আশা করছি।