বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওএসএস) নতুনভাবে যুক্ত হলো আরো তিনটি সেবা। এখন থেকে বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই, সুরক্ষাসেবা বিভাগ থেকে বিদেশি নাগরিকদের অনুকূলে সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্রসেবা সমূহ পাওয়া যাবে। উল্লেখিত সেবা সমূহ চালু করার লক্ষ্যে, গতকাল বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এর উদ্বোধন ঘোষণা করেন।
সভার শুরুতে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, উন্নত বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ব্যবসা সহজতর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। এখন পর্যন্ত ১২টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। কিছু দিনের মধ্যে আরো ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। এর ফলে বিনিয়োগকারীদের ওএসেসের মাধ্যমে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে। আগামী বছরের মধ্যে ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫০টিরও বেশি সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ ছাড়া আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। ১০ বছর আগে হয়তো এটা অকল্পনীয় ছিল যে, আমাদের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেট এত বড় হবে। গত ১০ বছর ধরে গড়ে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশের ওপরে। প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্ব ও উদার বিনিয়োগ বান্ধব নীতির কারণে এই অর্জন হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে এ বছর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় নি, তবু এগিয়ে যেতে হবে, সৃষ্টি করতে হবে ব্যবসা ও বিনিয়োগের জন্য সেরা পরিবেশ। আগামী বছরের মধ্যেই বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা সূচকে দুই অঙ্কের ঘরে উন্নয়নই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যই কাজ করে যেতে হবে, উল্লেখ করেন তিনি। এ সময়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনয়র সচিব মো. আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবা সমূহ বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন।
উল্লেখ্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বিজনেস অটোমেশন লি. এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, যার ফলে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু হয়। বর্তমানে নতুন তিনটি সেবাসহ অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিডার নিজস্ব ১৪ সেবা এবং অন্যান্য ছয়টি প্রতিষ্ঠানের সাতটি সেবাসহ মোট ২১টি সেবা প্রদান করা হবে।