গোদাগাড়ীতে সুমা খাতুন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমা ঐ গ্রামের সেলিম রেজার মেয়ে ও বাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে চাচির সঙ্গে টেলিভিশন দেখছিলেন সে। এ সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া বখাটেরা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলেও এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।