হোমনায় দুই পক্ষের ট্যাটাযুদ্ধে নিহত ১

হোমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ট্যাটাযুদ্ধ হয়েছে। এ ঘটনায় নরুন্নবী নামে (২৮) একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর মিঠাইভাঙা গ্রামে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছামাদ মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য জুনা আলী পক্ষের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের বিবাদ এবং আধিপত্য বিস্তারই এই হত্যাকাণ্ডের কারণ। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, মামলার প্রস্তুতি চলছে।