বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে পুলিশ ১ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। গতকাল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ খবর জানিয়েছেন। এদিকে সাধারণ মানুষের এই বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধী দলের প্রধান এবং প্রেসিডেন্ট প্রার্থী সভেতলানা তিখানোভস্কায়া।
ইউটিউবে দেওয়া এক ভিডিওতে বিরোধী দলের প্রধান সভেতলানা তিখানোভস্কায়া জানান, নিজের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশ ছেড়েছেন। তিনি লিথুনিয়ায় নিরাপদে আছেন বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সভেতলানা স্বেচ্ছায় দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই গ্রেফতার করা হয়েছিল তার স্বামীকে। নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করায় দলের হাল ধরেন সভেতলানা। নির্বাচনের ফলাফলে দেখা গেছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ৮০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন পর্যবেক্ষক ও বিরোধী দলের সদস্যরা। ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তিনি বিরোধী দলের সমর্থকদের বিদেশ থেকে নিয়ন্ত্রিত ‘ভেড়া’ বলে অভিহিত করেছেন। সোমবার নির্বাচন নিয়ে অভিযোগ করতে গেলে ৭ ঘণ্টার জন্য আটক রাখা হয় সভেতলানাকে। পরে একটি ভিডিওতে সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানান তিনি।