চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের ২৪ কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। এদের মধ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তার সংখ্যাই বেশি। এছাড়া প্রকৌশল বিভাগ, চসিক সচিবালয়সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারাও বদলির আওতায় এসেছেন। গতকাল বুধবার চসিক সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আবু শাহেদ চৌধুরী ইত্তেফাককে বলেন, কিছু কিছু কর্মকর্তা চসিকের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিভাগ পরিবর্তনের ফলে তাদের কাজের গতিশীলতা এবং করপোরেশনের রাজস্ব আয় দুটোই বাড়বে বলে আশা করা হচ্ছে। আমাদের নতুন প্রশাসক (খোরশেদ আলম সুজন) নগরবাসীকে আরো উন্নত সেবা দিতে আগ্রহী। তার নির্দেশনায় কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আগামী ১৬ আগস্টের মধ্যে তাদের কাজে যোগদান করতে বলা হয়েছে।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন গণমাধ্যমকে বলেন, এই পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক। সৌন্দর্য বর্ধনের নামে ফুটপাতে ও যত্রতত্র দোকান গড়ে তোলা হয়েছে। এ কাজের যারা অথরিটি সেই ডিপার্টমেন্ট কিছু জানে না। কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।