শোক সংবাদ

আবদুল হাকিম

ব্যবসায়ী ও সমাজ সেবক নোয়াখালী জেলার চাটখিলের গোমাতলী গ্রামের বাসিন্দা আবদুল হাকিম (৬৫) মঙ্গলবার রাতে নোয়াখালী জেলার গুডহিল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল বুধবার সকালে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন খিলপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ হারুন-অর-রশিদ কোং, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু প্রমুখ।

আশরাফুল ইসলাম রানা

বাংলাদেশ বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবল ম্যানেজার আশরাফুল ইসলাম রানা (৬৪) গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবত্ জ্বরে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর গোপীবাগের বিসমিল্লাহ্ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে গোপীবাগ কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতিসহ সব কর্মকর্তা-কর্মচারী আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মুক্তিযোদ্ধা আনিসুর রহমান খান

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ ল’ কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনিসুর রহমান খান (৮৬) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার বার্ধক্যজনিত কারণে পন্ডিতবাড়িস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।