যেকোনো মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে

যেকোনো মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বুধবার সচিবালয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দপ্তর কক্ষ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুরে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ১৯৭১ সালে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিত্ কুমার দাস, উপপ্রকল্প পরিচালক ডা. সৌরেন্দ্র নাথ সাহা ও কাকলী রাণী মজুমদার, সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা শিকদার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অ্যাডভোকেট চন্ডী চরণ পাল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল বসু প্রমুখ বক্তব্য রাখেন।