তিন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

তিন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর —

গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাসের চালকের সহকারী আবু শাহীন (২৫) ও রিকশা-ভ্যান চালক মিন্টু মিয়া (২৯) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আবু শাহীন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের সাহেব উদ্দিনের ছেলে ও মা-রেজিয়া পরিবহন নামে বাসের চালকের সহকারী ছিলেন। মিন্টু মিয়া পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের দুলা মিয়ার ছেলে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তামিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মহাসড়কে খুটিয়াটলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তামিম হরিপুর উপজেলার বরুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পরশুরাম (ফেনী): শহরের দাউদপুল এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খুরশিদ আলম নামে এক জন নিহত ও চার জন আহত হয়েছেন। গতকাল শহরের দাউদপুল এলাকার সবজি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।     এক জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুরশিদ ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম রামপুর হাজী ছিদ্দিক মৌলভীবাড়ীর বাসিন্দা। তিনি ফেনী বড় বাজারে সবজি ব্যবসায়ী।

কালিহাতীতে ট্রাক উলটে ছয়টি গরুর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল): কালিহাতীতে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ছয়টি গরু মারা গেছে। গতকাল টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।