বরিশালে জিনের আছর ছাড়ানোর নামে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

বরিশালে জিনের আছর ছাড়ানোর নামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কথিত কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত কবিরাজ শংকর দেবনাথকে (৬০) পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতারা। অপরদিকে, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। সোমবার রাতে নগরীর বাজার রোডের সাগর গলির কবিরাজ শংকর দেবনাথের আস্তনায় এই ধর্ষণের ঘটনা ঘটে। শংকর দেবনাথের বাড়ি বানারীপাড়ায় হলেও সে নগরীর বাজার রোডের সাগর গলিতে তার মেয়ের বাসায় আস্তানা করে।

নির্যাতিত ঐ ছাত্রী ঢাকার একটি স্কুলের ছাত্রী। গত কিছু দিন আগে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ঐ শিক্ষার্থীর মা তার দূরসম্পর্কের খালাতো ভাই কবিরাজ শংকর দেবনাথের সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষার্থীকে জিনে ধরেছে বলে তাকে চিকিত্সার জন্য বরিশাল নিয়ে আসতে বলে সে।

বরিশালে এসে মেয়েকে নিয়ে কবিরাজ শংকর দেবনাথের কাছে যায় তার মা। এ সময় মেয়েটিকে জিনে ধরেছে জানিয়ে তাকে (শিক্ষার্থী) তার বাসায় রেখে যেতে বলে কবিরাজ। গত সোমবার রাতে চিকিত্সার নামে ঐ শিক্ষার্থীকে ধর্ষণ করে কথিত কবিরাজ শংকর দেবনাথ। পরদিন গত মঙ্গলবার সকালে মেয়ের খোঁজ নিতে শংকর দেবনাথের আস্তানায় যায় তার মা। এ সময় আগের রাতে তাকে ধর্ষণের কথা মা কে জানায় ঐ শিক্ষার্থী। এরপর তার মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ কথিত কবিরাজ শংকর দেবনাথকে গ্রেফতার করে।

ধর্ষণ রোধে অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, নির্যাতিতা শিক্ষার্থীকে শের-ই-বাংলা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শংকরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।