কোকোর কবর জিয়ারতে পুলিশি বাধার মুখে বিএনপি নেতৃবৃন্দ

পুলিশি বাধায় কর্মী ছাড়াই বিএনপির মাত্র কয়েক জন নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনসহ একাধিক নেতাকে ঢুকতে দেওয়া হয়নি কবরস্থানে। কবরস্থানের বাইরে দাঁড়িয়েই মরহুম আরাফাত রহমান কোকের জন্য মোনাজাত করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করতে যান বিএনপি এবং এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী। এ সময় বনানী কবরস্থানের সামনে অবস্থান নিয়ে পুলিশ নেতাকর্মীদের ভেতরে যেতে বাধা প্রদান করে। পরে পুলিশের কাছে বারবার অনুরোধ করার পর নজরুল ইসলাম খানসহ কয়েক জন ফুল নিয়ে কবরস্থানে প্রবেশ করার অনুমতি পান। তারা কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে বাইরে এসে নজরুল ইসলাম খান বলেন, আমরা আজকে আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কবর জিয়ারত করতে এসেছিলাম। আমরা সবাই যে আবেগ নিয়ে এসেছিলাম অনিবার্য কারণে সেই আবেগ নিয়ে সবাই কবরস্থানের পাশে গিয়ে দোয়া করতে পারিনি।