শ্রীলঙ্কার মন্ত্রিসভায় এবার রাজাপক্ষে পরিবারের চার সদস্য স্থান পেয়েছেন। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীসহ এই পরিবারের আরো দুই জন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি পার্লামেন্ট নির্বাচনে রাজাপক্ষের দল ২২৫ আসনের মধ্যে ১৪৫ আসনে জয় পায়। খবর আলজাজিরার
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গতকাল বুধবার তার পরিবারের আরো দুই জন সদস্যের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। মন্ত্রিসভার ২৬ সদস্যের মধ্যে চার জন এখন একই পরিবারের। প্রেসিডেন্ট গোতাবায়ার হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষের হাতে অর্থ, নগর উন্নয়ন এবং বৌদ্ধ ধর্মবিষয়ক মন্ত্রণালয় রয়েছে। বড় ভাই চামাল রাজাপক্ষকে কৃষি এবং মাহিন্দার ছেলে নামাল রাজাপক্ষকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ৭১ বছর বয়সি গোতাবায়া গত নভেম্বরে প্রেসিডেন্ট হন। এরপর তিনি তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে (৭৭) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।