গাজীপুর মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। তিনি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর ঐ ওয়ার্ডের লাঠিভাঙ্গা, কালারকৈর, ইটাহাটা, নামাপাড়া এলাকায় ট্রলারে বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি ও শুকনো খাবার।
কামরুল আহসান সরকার রাসেল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা মহামারি এবং বন্যার পানি থাকা পর্যন্ত এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা রাহাত খান, হালিম মণ্ডল, আরিফ হোসেন জসিম, মশিউর রহমান মাসুম ও ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।