বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া-কবিতা

বঙ্গবন্ধু তুমি

যদি আমি আজ একটি কবিতা লিখি,

তুমি হবে সেই কবিতার মন প্রাণ

তোমার চিন্তা ভাবনা স্বপ্ন দিয়ে

কবিতায় দেবো দ্যোতনা উপমা ঘ্রাণ।

 

যদি আঁকি আজ একটি মূর্ত ছবি

তুমি হবে সেই ছবিতে তুলির টান,

ছবির ভাবনা কল্পনা কথা ভাষা

সবকিছুতেই তুমিই মূর্তমান।

 

যদি লিখি আজ একটি গানের কথা

গানের ছন্দ মাত্রা অন্ত্যমিল,

বলবে তোমার বাণী ও  মনের সুর

ছুঁয়ে যাবে মাটি বাতাস আকাশ নীল।

 

আজ যদি চাই একটি ভাষণ দিতে

ভাষণটি হবে মঞ্চে বজ্র আর

প্রতিধ্বনিত হবে সে ভাষণে তুমি

তোমার কণ্ঠ প্রতিবাদে ক্ষুরধার।

 

যদি আজ আমি একটি গল্প বলি

গল্পটা তুমি আজীবন সংগ্রাম

একটি গল্পে কি করে এনেছো তুমি

মুক্ত স্বাধীন বাংলাদেশের নাম।