দীপ্ত টিভিতে আগামীকাল থেকে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’র দ্বিতীয় মৌসুম। প্রথম সিজন থেকে ৫ বছর পরের গল্প নিয়ে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘মধ্যবর্তিনী’ আসছে তার দ্বিতীয় সিজন নিয়ে। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আহমেদ খান হীরক এবং সহ-সংলাপ করেছেন সাগর শরিফুজ্জামান। রাজু খান পরিচালিত এ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, শারমিন আঁখি, সাবেরী আলমসহ অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, ইমরান আর শাম্মীর রুটিন বাঁধা যৌথ সংসারকে খামখেয়ালি আর হুল্লোড় দিয়ে ভরিয়ে রেখেছে রবিন। ইমরানের ফুপাতো ভাই। রবিনের মা চান রবিনের একটা বিয়ে দিয়ে ইমরান-শাম্মীর শূন্য দোলনাটা ভরিয়ে তুলবেন। রবিনের সন্তানই হবে ইমরান-শাম্মীর সন্তান। কিন্তু এসব কিছু ঘটার আগেই ইমরান মুখোমুখি হয় অদ্ভুত এক ঘটনার। ঠিক ৫ বছর আগে যাকে নিজহাতে কবর দিয়েছিল ইমরান, সেই মৌ এসে দাঁড়িয়েছে তার সামনে। যাকে সবাই ডাকছে ‘মায়া’ নামে। কে এই মেয়ে? সে কি সত্যি মরে যাওয়া মৌ, নাকি কেবলই ইমরানের নতুন কোনো মায়া।