ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যু হচ্ছে

বাংলাদেশের সাপগুলোর মধ্যে হাতেগোনা কয়েকপ্রকার বিষধর। যেগুলো কামড় দিলে চিকিত্সা প্রয়োজন। দেরি হলে রোগীর মৃত্যু হতে পারে। যথাযথ চিকিত্সার অভাবে মৃত্যু হয় অসংখ্য সাপে কাটা রোগীর। তাঁরা সময়মতো ভ্যাকসিন নিতে পারেন না। থানা পর্যায়ের সরকারি হাসপাতালে ভ্যাকসিন সব সময় থাকে না। জেলা হাসপাতাল থেকে আনতে হয়। রোগীকে জেলা হাসপাতালে যেতে বলা হয়। ততক্ষণে রোগীর মৃত্যু হয়। চিকিত্সা আছে জেনেও তা নিতে পারছে না। আবার এক ফাইল ভ্যাকসিনের দাম এক হাজার টাকা। সাপে কাটা রোগীকে দশ ফাইল ভ্যাকসিন নিতে হয়। দশ হাজার টাকা গরিব রোগীদের জন্য ব্যয় করা কষ্টকর। অধিকাংশ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। বর্ষা মৌসুমে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ে। সমস্ত থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন থাকা উচিত। সম্ভব হলে কৃষক, গরিব রোগীর জন্য ভ্যাকসিনের দাম কম রাখা প্রয়োজন। আর মানুষ যেন অকারণে সাপ না মারে, সেজন্য সচেতনতাও সৃষ্টি করা দরকার। সাপের বিষ দিয়ে জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। চিকিত্সা থাকা সত্ত্বেও সাপে কাটা রোগী সেটা পাবে না—এই অবস্থা হওয়া উচিত নয়। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছি।

মুহাম্মদ শফিকুর রহমান

মিরপুর ১২, ঢাকা