সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শালমারা গ্রামে টিউবওয়েল থেকে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের ব্যবস্থাপক মো.আব্দুল্লাহ আল মামুন ও উপব্যবস্থাপক মো.হামিদুজ্জামান। বৃহস্পতিবার বাপেক্সের দুই সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিশেষজ্ঞ দলের সঙ্গে ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হিমাংশু রঞ্জন সিংহ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন প্রমুখ। এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, বাপেক্সের বিশেষজ্ঞ দল শালমারা গ্রামের ছয়টি পরিবারের বসতঘর, টিউবওয়েল পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। উল্লেখ্য, এক সপ্তাহ আগে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শালমারা গ্রামে টিউবওয়েল থেকে রহস্যজনকভাবে আগুন বের হয়।