বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল বিভাগের সব জেলা, উপজেলাব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে নিজ কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নির্মাণাধীন সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মইদুল ইসলাম জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়াও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান নিজ নিজ কার্যালয়ে চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

লোকসংগীত শিল্পী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউদেরখিল এলাকায় যৌতুক না পেয়ে শ্বশুর বাড়িতে লোকসংগীত শিল্পী তানজিলা রহমান খান হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। বরিশালের সর্বস্তরের নাগরিকদের ব্যানারে বৃহস্পতিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন হয়। নিহত তানজিলার বাড়ি বরিশাল নগরীর ভাটিখানার পান্থ সড়কে।

বালু উত্তোলনের দায়ে তিন

জনকে জেল-জরিমানা

বরিশালের সদর উপজেলাধীন চরকাউয়া এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে জেল-জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মেহেদী হাসান জানান, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সংবাদ পাওয়া মাত্র অভিযান পরিচালিত হচ্ছে।