আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান। প্রধান অতিথি ছিলেন মো. ছলিম উদ্দিন তরফদার (সেলিম)। বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলামসহ উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান।
গ্রাম পুলিশের মধ্যে পোশাকসহ উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত ১৪০ জন গ্রাম পুলিশের মধ্যে (দফাদার ও মহল্লাদার) পোশাকসহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এসব পোশাক ও উপকরণ বিতরণ করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মাগুরা প্রতিনিধি জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার হাওড় খালীর খালে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজনের সভাপতিত্বে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
ত্রাণ ও বীজ বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা মানিকছড়ি উপজেলায় করোনা প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১ হাজার ৫৬৫ পরিবারের মধ্যে ইউএনডিপির সহযোগিতায় ত্রাণসামগ্রী ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর অর্থায়নে মানিকছড়ি উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ মাঠে ৩৪৩ পরিবারের মধ্যে ও বেলা দেড়টায় ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪৮৫ পরিবারের মধ্যে উপজেলা টাউন হল মিলনায়তনে ত্রাণসামগ্রী ও বীজ বিতরণের উদ্বোধন করেন ২৯৮নং খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
জাতীয় শোক দিবসে মানবিক সহায়তার ব্যতিক্রমী উদ্যোগ
কুমিল্লা প্রতিনিধি ১৫ আগস্ট (শনিবার) জাতীয় শোক দিবসে কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকার নানা পেশার ১৮ হাজার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ২৫২ টন খাদ্যসামগ্রী প্রদান করা হবে। স্থানীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মহানগর ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
স্কুলছাত্রীদের বাইসাইকেল বিতরণ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্প-৩-এর আওতায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে এ বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহবুবুর রহমান।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আগৈলঝাড়ায় বৃহস্পতিবার উপজেলা হাসপাতালের আয়োজনে নিপোর্ট প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. সৈকত জয়ধর ও ডা. জাহেদ হোসেন।
প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কালাইয়ে অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থায়নে এডিপি আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ১২ জন নারী-পুরুষ প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ।