কর্মকর্তাদের জন্য মাস্ক নিষিদ্ধ করলেন ফ্লোরিডার শেরিফ

ফ্লোরিডার এক প্রধান নির্বাহী তার অফিসের কর্মকর্তাদের মাস্ক না পরার নির্দেশ দিয়েছেন এবং তার দপ্তরে এ সংক্রান্ত নিরাপত্তা তত্পরতা নিষিদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়া সত্ত্বেও তিনি এমন পদক্ষেপ গ্রহণ করলেন। খবর এএফপির।

স্থানীয় সংবাদপত্র ওকালা স্টার ব্যানার জানায়, ফ্লোরিডার মধ্যাঞ্চলীয় ম্যারিওন কাউন্টির শেরিফ বিলি উডস নতুন করে মাস্ক নিষিদ্ধের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার প্রতিনিধিদের মেইল করেন। মেইল বার্তায় বলা হয়, ‘আমার কর্মচারী এবং আমার দপ্তরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন বা কাজ করার সময় আপনাদের মাস্ক পরতে হবে না আমার এমন নির্দেশ বহাল থাকবে।’ তবে কারাগার, স্কুল, হাসপাতাল বা এ ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিসহ কোনো ব্যতিক্রম ক্ষেত্রে শেরিফ মাস্ক পরার সুযোগ রেখেছেন। ফ্লোরিডা যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর অন্যতম হলেও সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক না। তবে যে সব ক্ষেত্রে সুপারিশ রয়েছে সে সব ক্ষেত্রে মাস্ক পরার কথা বলা হয়েছে।