মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মনির স্মরণে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে মানিকগঞ্জে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া ঢাকা-পাটুরিয়া রেল লাইন নির্মাণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, বারসিক, রেইনবো থিয়েটারসহ বিভিন্ন সংগঠন এ সব কর্মসূচি পালন করে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।

মহাসড়কের পাশে নিরাপদ সড়ক ও ঢাকা-পাটুরিয়া রেল লাইন নির্মাণের দাবিসহ বিভিন্ন দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তারেক মাসুদ-শিশুক মুনীরের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুর্ঘটনাস্থল ও বানিয়াজুরী এলাকায় বৃক্ষরোপণ করা হয়।