পিএসসিতে জাতীয় শোক দিবসে ভার্চুয়াল আলোচনা সভা

জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। হাজার বছর ধরে বাঙালির জাতিসত্তায় যে স্বপ্ন ও সংগ্রামের ধারা বয়ে এসেছে তাকে যথাযথ অনুবাদ করেন বাঙালির স্বপ্ন পূরণের মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিএসসি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার বিকালে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ‘৭১ মিলনায়তন’-এ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে মহান নেতার অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করা হয় এবং পঁচাত্তরের বিয়োগান্তক ঘটনাকে ধিক্কার জানানো হয়।

পিএসসির সচিব মোছাম্মত আছিয়া খাতুনের সভাপতিত্বে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পঁচাত্তরের ১৫ আগস্ট যারা শাহাদতবরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। কমিশনের সদস্যগণ আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।