বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে এক শ্রমিক নেতার সঙ্গে কাউন্টার শ্রমিকদের হাতাহাতি হয়েছে। এ নিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে নথুল্লাবাদ টার্মিনালে দূরপাল্লা রুটের বিভিন্ন পরিবহন কাউন্টার থেকে চাঁদাবাজি করে আসছিল শ্রমিক নেতারা। সাম্প্রতিক সময়ে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে পুলিশ মহাপরিদর্শকের কঠোর হুঁশিয়ারির পর সাময়িক চাঁদা আদায় বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বিভিন্ন কাউন্টারে গিয়ে চাঁদাবাজির তথ্য জানতে চায়। এ সময় কাউন্টার শ্রমিকরা বেপারী পরিবহনে চাঁদাবাজির ঘটনায় স্বয়ং ফরিদকে অভিযুক্ত করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে শ্রমিক নেতা ফরিদের সঙ্গে কাউন্টার শ্রমিকদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতি হয়। টার্মিনালে উপস্থিত পুলিশ সদস্যরা তাত্ক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বড় ধরনের কোনো সংঘাত হয়নি। তবে ঐ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।