ভেন্টিলেটরে স্থিতিশীল অবস্থায় প্রণব মুখার্জি

ভেন্টিলেটরেই আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বুলেটিনে দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। প্রণব মুখার্জির ছেলে অভিজিত্ মুখার্জিও একই খবর জানিয়েছেন। তবে ভারতরত্ন প্রণব মুখার্জি সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর প্রকাশের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন তার ছেলে অভিজিত্?? মুখার্জি।

গতকাল বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, তার অবস্থা স্থিতিশীল, তবে তিনি অচেতন অবস্থাতেই আছেন এবং তাকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।

প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় জানিয়ে তার ছেলে এক টুইট বার্তায় লিখেছেন, আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবার রক্তচাপ এখন অনেকটাই স্থিতিশীল। আপনাদের সকলকে অনুরোধ করছি এই প্রার্থনা অব্যাহত রাখুন।

ভুয়া খবরের ব্যাপারে বিরক্তি প্রকাশ করে অপর এক টুইট বার্তায় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রখ্যাত সাংবাদিক যে পূর্বাভাস ও ভুয়া খবর ছড়িয়েছেন তাতে এটা স্পষ্ট যে, ভারতের সংবাদমাধ্যম ভুয়া খবরের কারখানা হয়ে গিয়েছে। তিনি বলেন, আমার বাবার সম্পর্কে যে গুজব ছড়ানো হয়েছে তা মিথ্যে।

গত রবিবার গভীর রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। সোমবার সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সেদিন রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই চিকিত্সার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে জানা যায় যে, তিনি করোনায়ও আক্রান্ত।