তাড়াশে যুবলীগ নেতাসহ তিন জন গ্রেফতার, ১২০০ কোটি টাকার চেক জব্দ

বিদেশি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সহসভাপতি ও রিশান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ডি জে শাকিল এবং তার দুই সহযোগী হুমায়ন কবির লিমন ও সাইফুল ইসলামকে বুধবার বিকেলে তাড়াশ থেকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ কোটি টাকার চেক, দলিল লেখার বিপুলসংখ্যক স্ট্যাম্প ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়। চেকগুলোর অধিকাংশই ভুয়া। রাত ১২টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমানতউল্লাহ তারেক নামে প্রতারিত এক ব্যক্তির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলে তাড়াশ উপজেলা পরিষদ গেটসংলগ্ন রিশান গ্রুপের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এই প্রতারক চক্র ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামক একটি অনলাইন পেজের মাধ্যমে দেশ-বিদেশ থেকে ঋণ পাইয়ে দেওয়ার ভুয়া বিজ্ঞাপন প্রচার করে আসছিল। ঐ বিজ্ঞাপন দেখে বগুড়া সদর উপজেলার মালতিনগর এলাকার বাসিন্দা ও আমায়রা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমানতউল্লাহ তারেক ও অভি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. আশিক দৌলতানা নামের দুই উদ্যোক্তা তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা ব্যাংক ঋণ নেওয়ার জন্য ডি জে শাকিলের সঙ্গে কথা বলেন। শাকিল ঋণের ৫ শতাংশ কমিশন হিসেবে দাবি করেন এবং ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ১৪ লাখ ৩৫ হাজার টাকা নেন শাকিল। এরপর তাদের বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সাড়ে ৪ কোটি টাকার দুটি চেক দেন। ঐ চেক ব্যাংকে জমা দেওয়ার পর তারা জানতে পারেন চেকগুলো ভুয়া এবং তারা প্রতারণার শিকার হয়েছেন। প্রতারিত ব্যক্তিরা এ বিষয়ে বগুড়া ডিবি কার্যালয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতেই ঐ তিন জনকে গ্রেফতার করা হয়।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, এই প্রতারক চক্র তিন শতাধিক ব্যাংক লোন পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি ছাড়ে। তারা সামরিক বাহিনী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। তাদের গ্রেফতারের খবর পেয়ে এই চক্রের প্রতারণার শিকার অন্তত ২০ জন পুলিশের কাছে ফোন করেন। বৃহস্পতিবার এদের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

যুবলীগ থেকে বহিষ্কার

তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ডি জে শাকিলকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ জেলা যুবলীগ গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নীতি-নৈতিকতা পরিন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক তাড়াশ উপজেলা যুবলীগের সহসভাপতি ডি জে শাকিলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।