মুক্তিযুদ্ধে ডেনমার্ক সরকার অকুণ্ঠ সমর্থন দিয়েছিল :শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে ডেনমার্ক সরকার অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে ডেনমার্ক বিভিন্নভাবে সহায়তা করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্রম ভবন মিলনায়তনে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) ও ড্যানিশ ট্রেড ইউনিয়ন ডেভেলপমেন্ট এজেন্সির (ডিটিডিএ) সহায়তায় দেশে জাতীয় ১৩টি শ্রমিক ফেডারেশনের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন সেক্টরের ২ হাজার ৪০০ শ্রমিকের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক ও বিলেসর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিলেসর মহাসচিব নজরুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা প্রমুখ উপস্থিত ছিলেন।