মাঝনদীতে প্রতিযোগিতা ও ধাক্কাধাক্কির ঘটনায় দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। লঞ্চ দুটি হচ্ছে—এমভি ইয়াদ ও গ্লোরি অব শ্রীনগর-২। গতকাল বৃহস্পতিবার এ দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত ও চার চালককে শোকজ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল কবীর বলেন, দুই লঞ্চের চার চালকের বিরুদ্ধে পাল্লাপাল্লির ঘটনায় কেন ব্যবস্থা নেওয়া হবে না—জানতে চেয়ে শোকজ করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. আলমগীর কবির বলেন, গত ৯ আগস্ট বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুটির মধ্যে প্রতিযোগিতা ও ধাক্কাধাক্কির একটি ভিডিও পাওয়া গেছে। এভাবে লঞ্চ পরিচালনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঐ ভিডিওর প্রাথমিক সত্যতা পাওয়ায় লঞ্চ দুটির রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, দুই লঞ্চের মাস্টার ও ড্রাইভারের সনদ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সনদ স্থগিত ও নৌআদালতে মামলা দায়ের করা হতে পারে।