সাউদাম্পটনে বৃষ্টি ও বোলারদের দাপট

ম্যানচেস্টারে নাটকীয়ভাবে জিতে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। এখন সিরিজে টিকে থাকার জন্য চলতি সাউদাম্পটন টেস্ট জেতার বিকল্প নেই পাকিস্তানের কাছে। কিন্তু টেস্টের প্রথম দিনের শুরুটা তাদের ভালো হয়নি। বৃষ্টি এসে দফায় দফায় খেলা থামিয়ে দেওয়ার পাশাপাশি বিপাকে পড়েছে সফরকারীরা। গতকাল দিনের খেলা শেষ পর্যন্ত ১২৬ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে তারা।

দিনের খেলা যথাসময়েই শুরু হয়েছিলো। কিন্তু এক দফা বৃষ্টি এসে বেশ খানিকক্ষন খেলা থামিয়ে রাখে। এরপর ৩৩.৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি খেলা থামিয়ে দেয়। আর ৪৫.৪ ওভার খেলা হওয়ার পর আর একেবারেই খেলা মাঠে গড়াতে পারেনি।

এর মধ্যে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান। শান মাসুদকে ফেরান অ্যান্ডারসন। এরপর ২০ রান করা অধিনায়ক আজাহারকেও ফেরান অভিজ্ঞ ফাস্ট বোলার অ্যান্ডারসন। বাবর আজমকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছিলেন আবিদ আলী। আগাম চা বিরতির পর আরও ৩ উইকেট হারায় পাকিস্তান। ১১ বছর পর দলে ফেরা ফাওয়াদ কোনো রান করতে পারেননি।