আফগানিস্তানে শেষ ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দেওয়া শুরু

প্রতিশ্রুতি অনুযায়ী শেষ ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে আফগানিস্তান সরকার। এদের মধ্যে অন্তত ৪৪ জন বড় ধরনের হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ৮০ জন তালেবান বন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে আফগান ও বিদেশিদের ওপর হামলা চালানোর অভিযোগে দোষীসাব্যস্ত হওয়া ব্যক্তিরাও রয়েছেন। সর্বশেষ এ ৪০০ জনের মধ্যে অন্তত ১৫০ জনের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল। কয়েক দিন আগে আফগান লয়া জিরগা (আইন সভা) দেশটির ১৯ বছরের যুদ্ধের অবসানে শান্তি আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে ৪০০ ‘কট্টর’ তালেবান বন্দিকে মুক্তি দিতে রাজি হয়।

লয়া জিরগার বিবৃতিতে বলা হয়েছিল, ‘আলোচনায় বাধা অপসারণ, শান্তি প্রক্রিয়া শুরু এবং রক্তপাতের অবসান ঘটাতে লয়া জিরগা ৪০০ তালেবান বন্দিমুক্তির অনুমোদন দিয়েছে।’ তার কয়েক মিনিট পরই আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ৪০০ তালেবান বন্দির মুক্তির নির্দেশে সই করবেন বলে জানিয়েছিলেন। সর্বশেষ এ ৪০০ তালেবান বন্দির মুক্তির মধ্য দিয়ে গোষ্ঠীটির দাবি অনুযায়ী তাদের ৫ হাজার বন্দির সবাইকে মুক্তি দেওয়ার ব্যাপারে সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবে। বাকি বন্দিদের মুক্তির কয়েক দিনের মধ্যেই কাতারে শান্তি আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আফগান যুদ্ধের অবসানে শান্তি আলোচনা শুরু করতে গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি সই হয়। ঐ শান্তি চুক্তিতে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার শর্ত হিসেবে আগে ৫ হাজার তালেবান বন্দি মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেয় তালেবান নেতারা। শুরুতে প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান বন্দিমুক্তির শর্ত প্রত্যাখ্যান করলেও পরে তা মেনে নেন। চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে ধাপে ধাপে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। বিনিময়ে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি হয় তালেবান গোষ্ঠী।