মহিলা কলেজ গেট-সোহাসা সড়ক

কার্পেটিং উঠে গিয়ে চলাচলে দুর্ভোগ

বদলগাছীতে গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে সদর ইউনিয়নের মহিলা কলেজের গেট থেকে সোহাসা গ্রাম পর্যন্ত এলজিইডির আওতাধীন সড়কটির কার্পেটিং উঠে চলাচল ব্যাহত হচ্ছে। অন্য দিকে স্থানীয়দের অভিযোগ, বেপরোয়াভাবে ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলো খানা-খন্দে ভরে উঠেছে। এছাড়া বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা রাস্তাগুলোর একই অবস্থা বলেও স্থানীয়রা জানান। দেখা গেছে, উপজেলার মথুরাপুর ইউপির চাঁপাইনগর মৌজায় অবস্থিত একটি ইটভাটার ট্রাক্টর রাস্তাগুলোর ওপর দিয়ে মাটি ও ইট পরিবহন করায় জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শিশুশিক্ষার্থী, সাইকেল, মোটরসাইকেল ও ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করতে হয়। এছাড়া কোলা ইউপির কোলাবাজার থেকে হুদাইকুরি হয়ে পারসোমবাড়ী বাজার পর্যন্ত প্রায় সাত-আট কিলোমিটার পাকা রাস্তার পিচ ও খোয়া উঠে ধুলাবালিতে পরিণত হয়েছে।  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলে নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোখলেছুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী রাস্তাগুলোতে ১৫ টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও কেউ তা মানছে না। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০ কিলোমিটার গ্রামীণ রাস্তা মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে।