দেশের বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে ------------------------------------পানিসম্পদ প্রতিমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের ১০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকালে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামের সড়কের পাশে আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, উপবিভাগীয় প্রকৌশলী জাবেদ ইকবাল। সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে সারা দেশে ১ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ১০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ হাজার ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যে এই গাছের চারা রোপণ করা হচ্ছে। দেশের বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, উজানে এবার প্রচুর বৃষ্টি হয়েছে।  সেই পানি বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। পরে প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার বেলতলা, লামছরি ও চরকাউয়া এলাকায় কীর্তনখোলা নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদী ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।