এনসিএলের ভাগ্য বোর্ড সভায়

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া ২০১৯-২০ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলতি বছরে আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। ঘরোয়া ক্রিকেট চালু করতে বিসিবি এখন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দিকে নজর দিচ্ছে। টুর্নামেন্ট কমিটিও প্রস্তুত এনসিএল শুরু করতে। বোর্ডের নিদের্শনা পেলে অক্টোবরেই প্রথম শ্রেণির ক্রিকেটের এই প্রতিযোগিতা মাঠে গড়াবে।

জানা গেছে, চলতি মাসেই হতে পারে বিসিবির বোর্ড সভা। ঐ সভা থেকেই আসবে ঘরোয়া ক্রিকেট কেন্দ্রিক সিদ্ধান্ত। যার অপেক্ষায় টুর্নামেন্ট কমিটি। একই সভা থেকে বিসিবির এজিএমের (বার্ষিক সভার) দিনক্ষণও ঘোষণা হবে। এজিএমের প্রস্তুতিও ভেতরে ভেতরে নিচ্ছে বিসিবি।

সাধারণত অক্টোবরে মাঠে গড়ায় এনসিএল। দুই স্তরে আটটি দল অংশ নেয়। সাত বিভাগীয় দলের সঙ্গে ঢাকা মেট্রো। গত দুই বছর ধরে এনসিএলের আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়ে থাকে। এনসিএল অক্টোবরেই শুরু হবে কি না, জানতে চাইলে গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম বলেছেন, ‘গত বছরের মতোই আমাদের ক্যালেন্ডার করা আছে। বোর্ড যখনই নির্দেশনা দিবে তখনই আমরা টুর্নামেন্ট মাঠে নামাতে পারব। আমরা প্রস্তুত আছি।’

দলগুলোর প্রস্তুতি, ক্রিকেটারদের ফিটনেস টেস্ট এবারও করার পরিকল্পনা আছে টুর্নামেন্ট কমিটির। বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের ঐ ভাবেই পরিকল্পনা করা আছে। সামনে বোর্ড সভা আছে। সেখানে সব সিদ্ধান্ত হবে। আমরা সবকিছু গুছিয়ে রেখেছি। খেলোয়াড়রাও বিচ্ছিন্নভাবে ট্রেনিংয়ের মধ্যেই আছে। এখন শুধু বোর্ডের নির্দেশনার অপেক্ষায় আছি।’

করোনার মাঝে এনসিএল আয়োজনে কক্সবাজার ও বিকেএসপির কথাই ভাবছে টুর্নামেন্ট কমিটি। যাতে করে ক্রিকেটারদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা যায়। এ দুটি ভেন্যুতেই দুটি করে মাঠ পাওয়া যাবে এবং পাশাপাশি দুটি করে ম্যাচ চলতে পারে।

ভেন্যুর বিষয়ে আরিফুল ইসলাম বলেন, ‘এনসিএল তো দুই স্তরে আট দল। আমাদেরকে এমন দুটি ভেন্যু পছন্দ করতে হবে যেখানে দুটি মাঠ আছে। দুটি ম্যাচ চলতে পারে এবং চারটি দল থাকতে পারে। এমন জায়গায় রাখতে হবে।’