বৃষ্টি এই সাউদাম্পটন টেস্টে দুই দলেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জন্য সেই সঙ্গে যোগ হয়েছে এই আর্দ্র আবহাওয়ায় ইংলিশ বোলারদের তাণ্ডব। আর এ তাণ্ডবে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পথ হারিয়ে ফেলেছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ৮ উইকেটে ১৯৭ রান করতে পেরেছে।
আগের দিন বৃষ্টিতে সারা দিন মিলিয়ে খেলা হতে পেরেছিল মাত্র ৪৫.৪ ওভার। গতকাল দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির দাপট। খেলা শুরু হলো বেশ খানিকটা বিলম্বে। ৫ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান।
প্রথম দিনে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান। শান মাসুদকে ফেরান অ্যান্ডারসন। এরপর ২০ রান করা অধিনায়ক আজাহারকেও ফেরান অভিজ্ঞ ফাস্ট বোলার অ্যান্ডারসন। বাবর আজমকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছিলেন আবিদ আলী। আগাম চা-বিরতির পর আরো ৩ উইকেট হারায় পাকিস্তান। ১১ বছর পর দলে ফেরা ফাওয়াদ কোনো রান করতে পারেননি।
সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন চার বল খেলে শূন্য রানে বিদায় নেন ফাওয়াদ। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে এলবিডাব্লিউ হয়ে যান ক্রিস ওকসের বলে। ইংল্যান্ড তাকে ফেরায় রিভিউ নিয়ে। ৩৪ বছর বয়সি ফাওয়াদ এর আগে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে। সেই বছরই জুলাইয়ে তার টেস্ট অভিষেক হয়েছিল কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে।
গতকাল প্রথম সেশনটা ভালোই কাটিয়ে ফেলেছিলেন অপরাজিত দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ২০.১ ওভার ব্যাট করে ফেলেন এই দুই জন। বৃষ্টিতে কঠিন হয়ে ওঠা উইকেটে দারুণ ব্যাট করতে থাকেন বাবর। কিন্তু হঠাত্ খেই হারান তিনি।
ইংল্যান্ডের হয়ে জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। ১২৭ বলে ৩টি চারে সাজানো ৪৭ রানের ইনিংস খেলে ফিরে আসেন বাবর। পরপর ইয়াসির শাহকে ফেরান জিমি অ্যান্ডারসন। এরপর কোনো রান না করেই ফেরেন শাহিন শাহ আফ্রিদি।