সিপিএলে নেই সারওয়ান

চলতি বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। শুরুর ঠিক আগ মুহূর্তে জ্যামাইকা তালাওয়াসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান।

বৃহস্পতিবার ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নিউজডে’কে এমনটাই জানিয়েছেন তালাওয়াসের প্রধান নির্বাহী জেফ মিলার জানান ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সারওয়ান। তিনি বলেন, ‘তালাওয়াসের সহকারী কোচের পদে থাকছেন না সারওয়ান। পারিবারিক সমস্যার কথা জানিয়ে সরে গেছেন তিনি।’

সারওয়ানের সরে দাঁড়ানোর পরই ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার রায়ান অস্টিন এবং বিনোদ মহারাজকে প্রধান কোচ ফ্লয়েড রেইফারের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে তালাওয়াস কর্তৃপক্ষ। মিলার বলেন, ‘প্রধান কোচের পছন্দেই তার সহকারী হিসেবে অস্টিন ও মহারাজকে নিয়োগ দেওয়া হয়েছে।’

এর আগে সিপিএল বিতর্কে নাম জড়িয়েছিলেন সারওয়ান। তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ছেড়ে দিয়েছিল তালাওয়াস। এই নিয়ে সারওয়ানের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন ‘ক্যারিবিয় ব্যাটিং দানব’। এমনকি সারওয়ানকে ‘করোনা ভাইরাসের চেয়েও নিকৃষ্ট’ বলে কটাক্ষ করেছিলেন তিনি।