চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি আর অলিম্পিক লিওঁ। এমন ম্যাচের আগে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ আর জুভেন্তাসকে হারানো দুই দল যে নিজেদের শেষ ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজবে, তা বলাই বাহুল্য।
ইউরোপসেরার আসরে নিজেদের মুখোমুখি হবার ইতিহাস অবশ্য এগিয়ে রাখছে লিওঁকে। ২০১৮-১৯ মৌসুমে গ্রুপপর্বে দুই ম্যাচের একটিতেও জয় পায়নি সিটি। তবে সাম্প্রতিক ফর্ম বিচারে গার্দিওলার শিষ্যরাই এগিয়ে। শেষ পাঁচ ম্যাচের একটিতে হারা দলটি শেষ ম্যাচেই রিয়ালকে হারিয়েছে ২-১ ব্যবধানে।
লিওঁর শেষ পাঁচ ম্যাচে জয় দুটো। অ্যাওয়ে গোল সুবিধায় জুভেন্তাসের বিপক্ষে ২-১ হেরেও চলে এসেছে শেষ আটে। আজ জয় পেলে ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠবে কোচ রুডি গার্সিয়ার শিষ্যরা। ইংলিশ দলের বিপক্ষে নিজেদের শেষ চার ম্যাচে অপরাজিত থাকা লিওঁ শেষ ষোলোয় জুভেন্তাসকে রুখে দেওয়ার অনুপ্রেরণা নিয়ে এবারও নিশ্চয়ই তেমন কিছুই চাইবে!
পর্তুগালের লিসবনে টুর্নামেন্ট আকারে চলমান চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্যায়ের এ খেলাটিতে সিটিকে অবশ্য খেলতে হবে তাদের মূল স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়া। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই এ আর্জেন্টাইন খেলার বাইরে। সেক্ষেত্রে চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে তাদের তর্কসাপেক্ষে তাদের সেরা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস তার জায়গায় দায়িত্ব কাঁধে তুলে নেবেন।
এদিকে দলটির ডিফেন্ডার কাইল ওয়াকার জানিয়েছেন, তার বিশ্বাস বিশ্ব ফুটবলে সিটিকে নতুন উচ্চতায় উঠতে হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। ২০১৭ সালের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার পর ঘরোয়া ফুটবলের সম্ভাব্য সব পুরস্কারই জিতেছেন এই রাইট ব্যাক। এখন তিনি জানাচ্ছেন ইউরোপের শীর্ষ ট্রফিটি উঁচিয়ে ধরাই এখন তার মূল অগ্রাধিকার।
কাইল ওয়াকার বলেন, এ লক্ষ্যটি তিনি তার দলসঙ্গীদেরও জানিয়ে রেখেছেন। তার মতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিষয়টি তাদের সমন্বিত ভাবনাও। বিশেষ করে সিটিকে নতুন উচ্চতায় তোলার জন্য।
লিওঁ শেষ ষোলোয় জুভেন্তাসকে হারালেও করোনা ভাইরাসের কারণে ফরাসি লিগ বাতিল হয়ে যাওয়ার পর তারা দুটির বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেনি। তার পরও কাইল মনে করেন তাদের বিপক্ষ বিপজ্জনক। কিন্তু সিটির আক্রমণাত্মক খেলার ধরন তাদের আজ রাতে সুবিধা দেবে বলেও মনে করেন ইংলিশ এ ফুটবলার।
এ প্রসঙ্গে সিটি ডিফেন্ডারের ভাষ্য, ‘লিওঁ অনেক বেশি ফুটবল খেলেনি। তাই আশা করা যায় আমরা সেটাকে নিজেদের সুবিধা হিসেবে পাব। তবে তাদের অনেক ভালো খেলোয়াড় আছে।’