আন্দোলনে যাচ্ছে আইডিইবি

পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির বয়সসীমা তুলে দেওয়ায় কঠোর আন্দোলনে যাচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। তারা ঘোষণা দিয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের জারিকৃত ভর্তি নীতিমালা বাতিল বা সংশোধন না করলে আগামী সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আন্দোলনে যাবেন সদস্যরা। গতকাল শুক্রবার আইডিইবির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান সংকট’ শীর্ষক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন সংগঠনের মহাসচিব প্রকৌশলী মো. শামসুর রহমান।

শামসুর রহমান বলেন, পলিটেকনিকসমূহে যে কোনো বয়সের শিক্ষার্থীদের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সিদ্ধান্ত দেওয়ায় শিক্ষার পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। আমাদের দাবি, ২০১৯ সালের নীতিমালা অনুসারে শিক্ষার্থী ভর্তি করতে হবে। নইলে আগামী ৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন ছাত্র-শিক্ষকরা। মহাসচিব আরো বলেন, বয়স্ক শিক্ষার্থীদের সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের ব্যাপক ফারাকের কারণে শ্রেণিকক্ষের ভারসাম্য নষ্ট হবে। এতে সামাজিক ও প্রশাসনিক সমস্যার সৃষ্টি হবে নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকরা এ শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। শিক্ষার্থী বৃদ্ধির পরিবর্তে ঝরে পড়ার হার বাড়বে। সমাজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হবে।

আইডিইবির সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ বলেন, বয়স্ক শিক্ষার্থী ভর্তি হলে প্রতিষ্ঠানে সন্ত্রাসী, চাঁদাবাজি কার্যক্রম বৃদ্ধি পাবে, যার কারণে অতীতে খুন পর্যন্ত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকলে নতুনভাবে দুর্নীতি বৃদ্ধি পাবে, সরকারি কোটি কোটি টাকা লোপাট হবে। মতবিনিময় সভায় কারিগরি শিক্ষার সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সভাপতি মুসতাক আহমদ, সাধারণ সম্পাদক নিজামুল হক, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজসহ সিনিয়র সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনকণ্ঠের নগর সম্পাদক কাউসার রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির চিফ নিউজ এডিটর আশিস সৈকত, জিটিভির চিফ রিপোর্টার রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক ফয়সাল আল মাহমুদ, জাগো নিউজের চিফ রিপোর্টার মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।