সিলেট কোতোয়ালি থানা পুলিশ নগরীর কুয়ারপাড় এলাকা থেকে অস্ত্রসহ তিন জনকে গ্রেফতারের সময় সন্ত্রাসী হামলায় কোতোয়ালি থানার চার পুলিশ আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৬ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
শুক্রবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ পরে তাদের গ্রেফতার করে এবং বিস্ফোরকসহ পৃথক দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। এর আগে গত বৃহস্পতিবার জায়গা দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুয়ারপাড় এলাকার ৩৬ নম্বর বাসার দেলোয়ার হোসেন ওরফে দিলিপ (৫০), মৌলভীবাজারের কুসুমবাগ গ্রামের মিটন মিয়া (২২) ও নবাব রোড এলাকার আলমগীর হোসেন বাপ্পী (২৪)। কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ কুয়ারপাড় এলাকায় অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের ওপর হামলা চালায়। এসময় চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল, দুইটি হ্যামার, দুইটি সাবল, একটি লোহার পাইপ, তিনটি রামদা, ১৮টি টিন, একটি সাইন বোর্ড, তিনটি লাল স্কচটেপযুক্ত বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে। ওসি জানান, এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এছাড়া জায়গার মালিক হাবিবুর রহমান বাদী হয়ে থানার আরেকটি মামলা করেন।