দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৬০তম দিনে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মৃত্যুর সংখ্যা কমেছে। করোনায় এক দিনে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মারা যান ৪৪ জন। এক দিনে ১০ জন কম মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৬৬ জন। বৃহস্পতিবার সংক্রমিত হন ২৬১৭।
গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৭৬৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৫৯১ জনে দাঁড়াল। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন হয়েছে।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ আগস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ অগাস্ট সেই সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।