যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় শাহাবুদ্দিন ব্যাপারী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। শাহাবুদ্দিনের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভোজেশ্বর গ্রামে। বর্তমানে সাদ্দাম মার্কেটের পেছনে তুষারধারা এলাকায় পরিবার নিয়ে একটি টিনশেড বাড়িতে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, শাহাবুদ্দিন কালী মন্দির এলাকায় একটি মানিব্যাগ কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে সেখান থেকে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার এসআই নির্মল কুমার দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।