সম্প্রতি দ্যা আর্থ সোসাইটির আয়োজনে এবং ডাইভারসিটি ফর পিস ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল 'ডাইভারসিটি টক' এর প্রথম পর্ব। গত ১১ আগস্ট রাত ৮টায় অনুষ্ঠিত 'কোভিড-১৯ এর সময়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শান্তির দূত হিসেবে যুবকদের ভূমিকা' শীর্ষক এ আলোচনায় সমাজে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকার বিভিন্ন দিক উঠে আসে।
আলোচনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আমরা এখন একটি দুর্যোগ পার করছি। এই ধরনের দুর্যোগের কথা আমরা আগে কখনো চিন্তা করিনি। বিশ্বের প্রায় সব শ্রেণি-পেশার মানুষই এই দুর্যোগে ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি যুব সমাজও ক্ষতিগ্রস্ত। এরপরও তারা বিভিন্নভাবে করোনাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, করোনাদুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আমরা চেষ্টা করছি, এই সব উদ্যোগের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে। এবং একই সঙ্গে দেশের যুব সমাজকে এই কার্যক্রমগুলোতে সম্পৃক্ত করতে। আমরা আশা করছি, সরকারের এ ধরনের পদক্ষেপের ফলে প্রায় ৫০ লাখ যুবক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।
এ সময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, আমরা মোটামোটিভাবে বলতে পারি, করোনার কারণে প্রায় সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হলেও তরুণ ও যুব সমাজ সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রায় ২ বিলিয়ন তরুণ-তরুণী করোনার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে যাদের অধিকাংশই এই অঞ্চলের। এই দুর্যোগ মোকাবেলায় দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থান তৈরিতে সব রকম সাহায্য করতে হবে।
সংসদ সদস্য নাহিম রাজ্জাকের উপস্থাপনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন, ক্রিকেটার জাহানারা আলম ও এফ-মাইনর ব্যান্ডের লিড ভোকালিস্ট পিংকি প্যাট্রিচিয়া চিরান।