গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় এক শিক্ষার্থীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আটক সাতজন হলেন- গোপালগঞ্জের গোপিনাথপুরের বিল্লাল শরীফের ছেলে বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফ (২৩), কুমিল্লার দেবিদ্বার থানার ইন্দ্রাকচর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৫), ময়মনসিংহের কোতোয়ালি থানার চোরখাই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির (২৪), গোপালগঞ্জের বরফা শেখ পাড়ার আবুল হোসেনের ছেলে আ. রহমান সৌরভ শেখ (১৯), বরফা মধ্যপাড়ার আইয়ুব শেখের ছেলে হাসিবুর রহমান শান্ত ওরফে কাকন (১৯), বরফার কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন, মাদারীপুরের রাজৈর থানার বিশমপুরদী এলাকার সালাম হাওলাদারের ছেলে নাজমুল হাসান (১৯)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত হোটেল ক্রিস্টাল ইনে অভিযান চালিয়ে ৩৪ কম্পিউটার উদ্ধার করে বনানী থানা পুলিশ। এসময় মো. দুলাল মিয়া (৪৫) ও মো. হুমায়ুন কবির (২৪) নামে দু'জনকে আটক করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শুক্রবারে গোপালগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাকি পাঁচজনকে আটক করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মূল হোতা যুবলীগ নেতা পলাশ শরীফ পলাতক রয়েছেন বলে জানা যায়। ইতিমধ্যে তাকে এ ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: খুঁটি ম্যানেজ করতে না পেরে বাঁশ দিয়েছে কর্তৃপক্ষ
প্রসঙ্গত, ঈদের ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ বিষয়ে গত সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এসি