শেয়ারবাজারের উন্নয়নে যা দরকার তা করব

শেয়ারবাজারের উন্নয়নে যে ভূমিকা পালন (রোল প্লে) করার দরকার, তা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল পদ্ধতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে শেয়ারবাজার এগিয়ে যাচ্ছে। এই বাজারকে আগামীতে জিডিপিতে বড় ভূমিকা পালনের জন্য কমিশন কাজ করছে। আমাদেরকে বঙ্গবন্ধুর সততার ন্যায় কাজ করতে হবে। তাহলে দেশের অর্থনীতিকে বঙ্গবন্ধুর স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারব। এর আগে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, সুশাসন, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত করতে পারলে শেয়ারবাজার এগিয়ে যাবে। একই সঙ্গে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। তাই বর্তমান কমিশনকে তাদের চলমান ধারাবাহিকতা থেকে কোনোভাবেই বিচ্যুতি না হওয়ার অনুরোধ করেন তিনি। একই সঙ্গে কোনোভাবেই অন্যায়ের কাছে আপস না করার কথা বলেন।

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন, কমিশনার ড. মিজানুর রহমান, সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির প্রমুখ।