সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। হাজার বছর ধরে বাঙালির জাতিসত্তায় যে স্বপ্ন ও সংগ্রামের ধারা বয়ে এসেছে তাকে যথাযথ অনুবাদ করেন বাঙালির স্বপ্ন পূরণের মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারি কর্মকমিশন সচিবালয়ে শনিবার সকাল ১১টায় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কমিশন চত্বরে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পঁচাত্তরের ১৫ আগস্ট যারা শাহাদতবরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পিএসসির সচিব মোছা. আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিএসসির চেয়ারম্যান ছাড়াও কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।