পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া এলাকা থেকে বনরক্ষীরা শনিবার ভোরে সাত জন হরিণ শিকারিকে আটক করেছে। এ সময় হরিণ ধরার ৪৫০টি ফাঁদ ও একটি ট্রলার জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবদুর হাইর নেতৃত্বে বনরক্ষীরা পক্ষিদিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতির সময় সাত জন শিকারীকে আটক করে। এ সময় বনের মধ্য থেকে ৪৫০টি ফাঁদসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।